স্কুল ফিডিং চালু, বিকল্প পদ্ধতি যাচাইতে ববি হাজ্জাজের নতুন পরিকল্পনা
স্কুল ফিডিং চালু, বিকল্প পদ্ধতি যাচাইতে ববি হাজ্জাজের নতুন পরিকল্পনা
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে চলমান স্কুল ফিডিং কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি ভবিষ্যতের জন্য বিকল্প ও অধিক কার্যকর খাদ্য সরবরাহ পদ্ধতি যাচাইয়ের কাজ করছেন।
তিনি জানিয়েছেন, বর্তমানে প্রতিদিন প্রায় ৩০ লক্ষ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় খাবার প্রদান করা হচ্ছে। এই বৃহৎ স্কেল কার্যক্রমে কোনো ধরণের বিঘ্ন না ঘটিয়ে খাদ্যের পুষ্টিমান, নিরাপত্তা, গুণগত মান এবং জবাবদিহিতা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।
বৃহস্পতিবার সচিবালয়ের নিজ দপ্তরে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ ও কান্ট্রি ডিরেক্টর কোকো উশিয়ামার নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বর্তমান পদ্ধতির পাশাপাশি কুপনভিত্তিক খাদ্য সরবরাহ এবং রান্না করা খাবার পরিবেশনের মতো বিকল্প মডেল নিয়ে সরকার কাজ করছে। তবে নতুন কোনো পদ্ধতি চালুর আগে তার সম্ভাব্যতা যাচাই, পরীক্ষামূলক বাস্তবায়ন এবং কার্যকারিতা মূল্যায়ন করা জরুরি; এ ধরনের উদ্যোগ সম্পূর্ণ প্রস্তুত করতে ছয় মাস থেকে এক বছর সময় লাগতে পারে। তাই বিকল্প পদ্ধতি যাচাইয়ের সময় বিদ্যমান কার্যক্রম বন্ধ করা বাস্তবসম্মত নয়; বরং চলমান পদ্ধতির উন্নয়ন ও ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যৎ পরিকল্পনা এগিয়ে নিতে হবে।
ববি হাজ্জাজ জানান, বর্তমান কার্যক্রমের মোট ২৬টি ক্রয় প্যাকেজের মধ্যে আটটির মেয়াদ শেষ হয়েছে। এই ক্ষেত্রে বিদ্যমান দরপত্রের মেয়াদ বাড়ানোর সম্ভাবনা যাচাই করা হচ্ছে এবং পরবর্তী সময়ে নতুন দরপত্র আহ্বানের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে খাদ্য সরবরাহের ব্যবস্থায় নিরাপত্তা, গুণগত মান, পুষ্টিমান, পরিবহন ও সংরক্ষণ, এবং পর্যবেক্ষণ ও জবাবদিহিতা শক্তিশালী করার ওপর জোর দেওয়া হচ্ছে।
স্কুল ফিডিংকে আরও কার্যকর ও টেকসই করতে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও বিভিন্ন দেশের সফল মডেল পর্যালোচনা করা প্রয়োজন। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, রান্না করা খাবার সরবরাহের ক্ষেত্রে কেন্দ্রীয় রান্নাঘর, কমিউনিটি ভিত্তিক ব্যবস্থাপনা এবং স্থানীয় অংশীদারিত্বের সম্ভাবনা যাচাই করা যেতে পারে। তবে প্রতিটি মডেল বাংলাদেশের বাস্তবতা, স্থানীয় সক্ষমতা, খাদ্য নিরাপত্তা এবং জবাবদিহিতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
সাক্ষাৎকালে ডব্লিউএফপি প্রতিনিধিদল চলমান স্কুল ফিডিং কার্যক্রমের একটি দ্রুত পর্যালোচনা প্রস্তাব করে। এই পর্যালোচনায় খাদ্য ও পুষ্টিমান, নিরাপত্তা ও গুণগত মান, এবং মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনার সক্ষমতা—এই তিনটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হবে এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও বিশেষজ্ঞ মতামত প্রদান করা হবে।
ডব্লিউএফপি প্রতিনিধিরা শ্রীলঙ্কা, পাকিস্তান ও ভারতের অভিজ্ঞতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক সফল উদ্যোগ, চ্যালেঞ্জ এবং উত্তম চর্চা বিশ্লেষণে সহযোগিতা করতে ইচ্ছুক। বিশেষ করে স্থানীয় কৃষকদের সম্পৃক্ত করে স্কুল ফিডিং পরিচালনা করলে শিক্ষার্থীর পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি কৃষি ও স্থানীয় অর্থনীতিকেও সমর্থন করার সুযোগ থাকবে।
বৈঠকে ডব্লিউএফপির হেড অব প্রোগ্রাম জেসি উড, সিনিয়র পার্টনারশিপস অ্যাডভাইজার মো. মহসিন, প্রোগ্রাম পলিসি অফিসার স্নেহা লতা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত