মেটা ব্যবসায়িক অ্যাকাউন্টের এআই ডেটা সংগ্রহের পরিকল্পনা স্থগিত
মেটা, ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি, ব্যবসায়িক অ্যাকাউন্ট ব্যবহারকারীদের ওয়েবসাইট থেকে অনুমতি ছাড়া তথ্য সংগ্রহ করে তা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল প্রশিক্ষণে ব্যবহার করার পরিকল্পনা থেকে আপাতত সরে এসেছে। তীব্র সমালোচনার মুখে প্রতিষ্ঠানটি প্রস্তাবিত নতুন শর্তাবলী স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
মেটার প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, ব্যবসায়িক অ্যাকাউন্টধারীরা তাদের নিজস্ব ওয়েবসাইটের তথ্য মেটার এআই সিস্টেমে সরবরাহ করতে বাধ্য হতেন, যদিও তারা তা অনুমোদন না করলেও। এই তথ্যকে পরবর্তী সময়ে এআই মডেল প্রশিক্ষণে ব্যবহার করা হবে বলে পরিকল্পনা ছিল।
প্রস্তাবটি অক্টোবরের মাঝামাঝি প্রকাশের পর আন্তর্জাতিক স্তরে তীব্র প্রতিবাদে পরিণত হয়। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাজনীতিবিদসহ বিভিন্ন গোষ্ঠী এই পদক্ষেপের বিরোধিতা করে, দাবি করে যে মেটা ব্যবসায়িক ব্যবহারকারীদের ডেটা নিয়ন্ত্রণের অধিকার থেকে বঞ্চিত করবে এবং কনটেন্ট প্রকাশকদের স্বত্বাধিকারকে হুমকির মুখে ফেলবে।
প্রতিক্রিয়া প্রশমনের জন্য মেটা শর্তাবলীতে কয়েকবার পরিবর্তন আনে। ব্যবহারকারীর তৈরি কনটেন্ট সরাসরি এআই প্রশিক্ষণে ব্যবহারের সম্ভাবনা কমাতে ‘প্রশিক্ষণ’ শব্দটিও নতুন নীতিতে থেকে বাদ দেওয়া হয়। তবে মূল কাঠামো, অর্থাৎ ব্যবসায়িক সাইটের তথ্য সংগ্রহের অনুমতি ছাড়া ব্যবহার, অপরিবর্তিত রইল।
প্রাথমিকভাবে নতুন শর্তাবলী ২০ নভেম্বর থেকে কার্যকর হওয়ার কথা ছিল। ৩০ অক্টোবর চূড়ান্ত সময়সীমা নির্ধারণের পরও ব্যাপক প্রতিবাদের মুখে মেটা তা পিছিয়ে দেয় এবং শেষ পর্যন্ত ব্যবসায়িক অ্যাকাউন্ট সম্পর্কিত আপডেটগুলো আপাতত স্থগিতের ঘোষণা করে।
মেটার বিজনেস হেল্প সেন্টারের হালনাগাদ তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে। নতুন কোনো তথ্য প্রকাশের সুযোগ হলে তা জানানো হবে, আর বর্তমান শর্তাবলীই অস্থায়ীভাবে বজায় থাকবে।