তরুণদের আত্মবিশ্বাস ও নেতৃত্ব গড়ে তুলতে কুয়াকাটায় বসুন্ধরা শুভসংঘের কর্মশালা
তরুণদের আত্মবিশ্বাস ও নেতৃত্ব গড়ে তুলতে কুয়াকাটায় বসুন্ধরা শুভসংঘের কর্মশালা
পটুয়াখালীর কুয়াকাটায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ‘নেতৃত্ব, যোগাযোগ ও আত্মবিশ্বাস: তরুণদের এগিয়ে যাওয়ার চাবিকাঠি’ শীর্ষক এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার লক্ষ্য ছিল শিক্ষার্থীদেরকে দক্ষ, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা, যেখানে নেতৃত্বের গুণাবলি, কার্যকর যোগাযোগ এবং আত্মবিশ্বাসের গুরুত্ব তুলে ধরা হয়।
বুধবার বসুন্ধরা শুভসংঘ কুয়াকাটা পৌর শাখার সভাপতি মো. সাইদুর রহমানের সভাপতিত্বে রুরাল ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশনের কার্যালয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে পটুয়াখালীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে আমিরাবাদ স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন, সঙ্গে কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য নজরুল ইসলাম, উপকূল পাঠাগারের সাধারণ সম্পাদক মো. আজিজুল ইসলাম এবং শাখার অন্যান্য কর্মকর্তারাও ছিলেন।
কর্মশালায় তরুণদেরকে নেতৃত্বের গুণাবলি বিকাশ, কার্যকর যোগাযোগের কৌশল, জনসমক্ষে বক্তব্য উপস্থাপন, আত্মবিশ্বাস গঠন, দলগত কাজ এবং সমস্যা সমাধানের দক্ষতা অর্জনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা ব্যক্তিগত জীবনে ও কর্মক্ষেত্রে সফলতার জন্য এসব দক্ষতার অপরিহার্যতা জোর দিয়ে বললেন।
আলোচকরা উল্লেখ করেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা যথেষ্ট নয়; নেতৃত্ব, যোগাযোগ, সৃজনশীল চিন্তা ও আত্মবিশ্বাসের মতো নরম দক্ষতা ছাড়া তরুণের পূর্ণ বিকাশ সম্ভব নয়। নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করা, অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা এবং দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করা এই গুণগুলোকে শক্তিশালী করে।
তারা আরও বলেন, নেতৃত্ব মানে কোনো পদে অধিষ্ঠিত হওয়া নয়, বরং দায়িত্ব গ্রহণ, অন্যকে সহযোগিতা করা, সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং দলগতভাবে লক্ষ্য অর্জনে কাজ করা। শিক্ষাজীবন থেকেই এসব গুণের চর্চা শুরু করলে শিক্ষার্থীরা পরিবার, সমাজ ও দেশের কল্যাণে সক্রিয় ভূমিকা রাখতে পারবে।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কর্মশালার সময়োপযোগী ও ব্যবহারিক দিকের জন্য বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই কর্মশালার মাধ্যমে নেতৃত্ব, যোগাযোগ ও আত্মবিশ্বাস সম্পর্কে বাস্তবধর্মী ধারণা পেয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণমূলক কর্মশালার ধারাবাহিকতা কামনা করছেন।
বিডি প্রতিদিন/ আনাই
মতামত