করাপশন নিউজ বিডি ২৪

নাইজেরিয়ায় নৌকাডুবি: শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার পথে ২৪ জনের মৃত্যু

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় বায়ালসা রাজ্যের আয়ামা থেকে উকুবি অঞ্চলে শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার পথে একটি যাত্রীবাহী নৌকা ডুবে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে, আর ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। পুলিশের মতে, শুক্রবার অতিরিক্ত যাত্রীবোঝাই এবং যান্ত্রিক ত্রুটির কারণে নৌকাটি উল্টে যায়। দুর্ঘটনা বায়ালসা স্টেটের সাউদার্ন ইজাও জেলার ওইকোরোগা ও ওতুয়ান এলাকার মধ্যবর্তী নদী সংযোগস্থলে ঘটেছে। ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (NEMA) মুখপাত্র মানজো ইজেকিয়েল শনিবার জানান, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে অনুসন্ধান ও উদ্ধার কাজ চলছে। প্রাথমিকভাবে পুলিশ চারজনের মৃতদেহ উদ্ধার করেছে, যার মধ্যে দুজন শিশু ছিল। বেঁচে থাকা ২৪ জনের মধ্যে ১৯ জনকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, আর বাকি পাঁচজনকে রাজ্যের রাজধানীর একটি হাসপাতালে পাঠানো হয়েছে। নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন তা নিশ্চিত করা যায়নি; তবে স্থানীয় কয়েকজন বাসিন্দা রয়টার্সকে জানিয়েছেন, নৌকায় অন্তত ৩০০ জন যাত্রী ছিল। দুর্যোগের পর নৌকার চালক পালিয়ে গেছেন, তবে নৌযানের ব্যবস্থাপককে হেফাজতে নেওয়া হয়েছে। স্থানীয় ডুবুরি ও উদ্ধার কর্মীদের সমন্বয়ে পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। এই দুঃখজনক ঘটনা সম্পর্কে তথ্যসূত্র আলজাজিরা।

নাইজেরিয়ায় নৌকাডুবি: শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার পথে ২৪ জনের মৃত্যু