<
করাপশন নিউজ বিডি ২৪

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষকপ্রতি গবেষণাপত্রে দেশীয় র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান অর্জন

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এশিয়া র‌্যাঙ্কিং ২০২৭-এ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যার সূচকে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। বিশ্ববিদ্যালয়ের স্কোর ৬১.৮, যেখানে ৬৩ স্কোর নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রথম স্থানে রয়েছে। আন্তর্জাতিক র‌্যাঙ্কিং সংস্থা কোয়াকোয়ারেলি সাইমন্ডস (QS) ৩ নভেম্বর তাদের ওয়েবসাইটে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাঙ্কিং প্রকাশ করে। গাকৃবি কেবল এই সূচকেই নয়, সার্বিক র‌্যাঙ্কিংয়েও ভালো অবস্থানে রয়েছে; এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৭-এ দক্ষিণ এশিয়ার ৯৮তম স্থানে গিয়ে শীর্ষ ১০০-এ প্রবেশ করেছে। এছাড়া, এশিয়া জুড়ে 'সাইটেশনস পার পেপার' সূচকে গাকৃবি ৮৬তম স্থানে রয়েছে। এই র‌্যাঙ্কিংয়ে এশিয়ার ২৬টি দেশের মোট ১,৭২২টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছে। শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যায় গাকৃবির এই অবস্থানকে বিশ্ববিদ্যালয়ের গবেষণামুখী শিক্ষা নীতি ও শিক্ষক-গবেষকদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। গাকৃবির উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এই অর্জনে সন্তোষ প্রকাশ করে বলেন, "একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত অগ্রগতি শুধু অবকাঠামো বা শিক্ষার্থীসংখ্যা বৃদ্ধিতে সীমাবদ্ধ নয়; জ্ঞান সৃষ্টি, গবেষণার উৎকর্ষ এবং তা দিয়ে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখাই মূল লক্ষ্য।" তিনি আরও যোগ করেন, "শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় অবস্থান শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের সম্মিলিত নিষ্ঠার ফল। এই সাফল্য তাদেরকে আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে গবেষণার মান, আন্তর্জাতিক সহযোগিতা ও উদ্ভাবনের ক্ষেত্র সম্প্রসারণের মাধ্যমে গাকৃবিকে আরও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়া হবে।" গাকৃবির এই আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংস্কৃতি গড়ে তোলার ধারাবাহিক প্রচেষ্টার ফল, যা দেশের উচ্চশিক্ষা খাতের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষকপ্রতি গবেষণাপত্রে দেশীয় র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান অর্জন