করাপশন নিউজ বিডি ২৪

জাতীয় সংসদের লাইব্রেরি সাবকমিটি সুপারিশ করেছে পাঁচজন জুনিয়র কনসালটেন্টের চুক্তিভিত্তিক নিয়োগ

ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি সাবকমিটি অর্থ, স্বরাষ্ট্র, শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট স্থায়ী কমিটিগুলোর জন্য জুনিয়র কনসালটেন্ট নিয়োগের সুপারিশ করেছে। সাবকমিটি পাঁচজন জুনিয়র কনসালটেন্টকে মন্ত্রণালয়ভিত্তিক পাঁচটি স্থায়ী কমিটিতে দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগ এবং পরবর্তীতে পদটি নবায়নযোগ্য রাখার প্রস্তাব পেশ করেছে। সোমবার জাতীয় সংসদ গ্রন্থাগারে লাইব্রেরি কমিটির ৬ নং সাবকমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আহ্বায়ক ছিলেন সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান; সদস্য ও সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান এবং আখতার হোসেন উপস্থিত ছিলেন। বৈঠকে আউটসোর্সিংয়ের মাধ্যমে অর্থ, স্বরাষ্ট্র, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট স্থায়ী কমিটিগুলোর জন্য জুনিয়র কনসালটেন্টের নিয়োগ পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী নির্ধারণের খসড়া প্রতিবেদন মূল কমিটিতে পাঠানোর উদ্দেশ্যে বিশদ আলোচনা করা হয়। নিয়োগ কার্যক্রমের দক্ষতা নিশ্চিত করতে সাবকমিটি তিনজন সংসদ সদস্য, একজন যুগ্ম সচিব, একজন উপসচিব/পরিচালক এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে একজন বহিরাগত বিশেষজ্ঞ নিয়ে একটি নিয়োগ কমিটি গঠনের সুপারিশ করে। এছাড়া আউটসোর্সিংয়ের পাশাপাশি জাতীয় সংসদ সচিবালয়ের বিদ্যমান নিজস্ব নিয়োগ পদ্ধতিতে এই পদগুলোর নিয়োগ সম্ভব কি না, তা নিয়েও মতবিনিময় হয়। বৈঠকে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদের লাইব্রেরি সাবকমিটি সুপারিশ করেছে পাঁচজন জুনিয়র কনসালটেন্টের চুক্তিভিত্তিক নিয়োগ