মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
আইরিশ মিডিয়াতে বোমা হুমকি: ডাবলিনের প্রধান সম্প্রচার কেন্দ্রগুলো খালি
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬
আয়ারল্যান্ডের জাতীয় সম্প্রচারমাধ্যম আরটিই সহ বেশ কয়েকটি মিডিয়া সংস্থাকে বোমা হুমকির মুখে কর্মী স্থানান্তর করতে বাধ্য করা হয়েছে। হুমকি সংবলিত ইমেইল পাওয়ার পর ডাবলিনের ডনিব্রু এলাকায় অবস্থিত আরটিই সদর দপ্তরে তৎক্ষণাৎ পুলিশ মোতায়েন করা হয় এবং উপস্থাপক ও কর্মীদের নিরাপদে বের করে নেওয়া হয়।
‘আইরিশ ইন্ডিপেন্ডেন্ট’ সংবাদপত্রের কার্যালয়, ‘মার্কোনি হাউস’ যেখানে ‘নিউজটক’ ও ‘টুডে এফএম’ রেডিও স্টেশন অবস্থিত, সেখান থেকেও কর্মীদের তৎক্ষণাৎ স্থানান্তর করা হয়।
‘ভার্জিন মিডিয়া টেলিভিশন’কে হুমকি-সংবলিত ইমেইল পাওয়া সত্ত্বেও তারা স্টুডিও থেকে কর্মী সরায়নি এবং সম্প্রচার চালু রেখেছে, তবে রেডিও প্রোগ্রামে সাময়িক বিঘ্ন দেখা যায়। আরটিই কিছু সময়ের জন্য রেকর্ড করা অনুষ্ঠান প্রচার করে, পরে একটি বহিরাগত সম্প্রচার ইউনিটের মাধ্যমে সরাসরি সংবাদ পুনরায় শুরু করে।
‘নিউজটক’ও হুমকির কারণে স্বাভাবিক অনুষ্ঠান বন্ধ করে রাখে, কিন্তু হুমকি ভুয়া প্রমাণিত হওয়ার পর কর্মীদের কাজে ফিরে যাওয়ার অনুমতি দেয়া হয়।
আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন এই ঘটনাকে "উদ্বেগজনক" বলে অভিহিত করে, জানিয়ে দেন পুলিশ ও নিরাপত্তা সংস্থা হুমকির দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে। তিনি জোর দিয়ে বলেন, সরকার এ ধরনের হুমকিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মোকাবিলা করবে এবং জনমনে ভয় ও উদ্বেগ সৃষ্টি রোধে তৎপর থাকবে।
হুমকির আগে ইউরোপ জুড়ে বিভিন্ন বাণিজ্যিক ফ্লাইটেও বোমা হুমকি দেওয়া হয়েছিল। ফলে অনেক বিমানকে বিকল্প বিমানবন্দরে অবতরণ করতে হয় এবং সুরক্ষার জন্য যুদ্ধবিমান মোতায়েন করা হয়। তবে তল্লাশিতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।
আইরিশ পুলিশ জানায়, তারা মিডিয়া সংস্থাগুলোর বিরুদ্ধে আসা হুমকির তদন্তে নিয়োজিত এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করছে। এখনো হুমকির পেছনের সত্তা বা কোনো সুসংগঠিত পরিকল্পনা রয়েছে কিনা তা নিশ্চিত করা যায়নি।
ডাবলিনে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া ইউরোপীয় পলিটিক্যাল কমিউনিটি শীর্ষ সম্মেলনের নিরাপত্তা নিশ্চিত করতে আয়ারল্যান্ডের নিরাপত্তা সংস্থা ইউরোপের অন্যান্য দেশের সমকক্ষদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।
মতামত