প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
সানইয়ায় আন্তর্জাতিক গণমাধ্যমের ছয় দিনের সফর: হাইনানের পর্যটন সম্ভাবনা উন্মোচিত
||
চীনের হাইনান প্রদেশের সমুদ্রতীরবর্তী শহর সানইয়ায় আন্তর্জাতিক গণমাধ্যমের জন্য ছয় দিনব্যাপী সফর অনুষ্ঠিত, যেখানে বাংলাদেশসহ ১৯টি দেশ ও অঞ্চলের প্রতিনিধিরা শহরের পর্যটন ও উন্নয়নের নতুন সম্ভাবনা প্রত্যক্ষ করেছেন।
১ থেকে ৬ নভেম্বর পর্যন্ত ‘গো চায়না ইন সানইয়া’ শীর্ষক কর্মসূচি পরিচালিত হয়। সানইয়া পৌর কমিটির প্রচার বিভাগের প্রধান লি ইংটিং উদ্বোধনী অনুষ্ঠানে শহরের আন্তর্জাতিক পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়ের সম্ভাবনা তুলে ধরেন। এই সফর সানইয়া পৌর কমিটির প্রচার বিভাগের দিকনির্দেশনা, সানইয়া পর্যটন উন্নয়ন ব্যুরোর আয়োজনে এবং সানইয়া পৌর সাইবারস্পেস প্রশাসনের সহায়তায় বাস্তবায়িত হয়।
গণমাধ্যম প্রতিনিধিরা লুহুইতোউ পর্যটন এলাকা, থিয়ানইয়া হাইচিয়াও, দাসিয়াওদোংথিয়ান, উঝিঝৌ দ্বীপ, ওয়েস্ট আইল্যান্ড এবং ঐতিহাসিক ইয়াঝৌ প্রাচীন নগরী পরিদর্শন করেন। এই স্থানগুলোতে তারা স্থানীয় সংস্কৃতি, সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ এবং ঐতিহ্যবাহী জেলেপল্লির জীবনযাত্রা সম্পর্কে জানার সুযোগ পান।
এর পাশাপাশি হংঝৌ আন্তর্জাতিক ইয়ট মেরিনা, আটলান্টিস সানইয়া, সিডিএফ আন্তর্জাতিক শুল্কমুক্ত বিপণিবিতান এবং সানইয়া জয় সিটি পরিদর্শন করে সফরকারীরা শহরের পর্যটন শিল্প ও আন্তর্জাতিক বাণিজ্যের অগ্রগতি সম্পর্কে ধারণা লাভ করেন।
কর্মসূচিতে ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা, আন্তর্জাতিক পর্যটন শিক্ষা এবং কৃষিভিত্তিক পর্যটনের বিভিন্ন উদ্যোগও উপস্থাপন করা হয়, যা সানইয়ার পর্যটন খাতের বহুমুখী সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে অংশগ্রহণকারীদের স্পষ্ট ধারণা দেয়।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভিসামুক্ত প্রবেশের আওতায় ৮৮টি দেশের নাগরিক সুবিধা পাচ্ছেন এবং বর্তমানে সানইয়ার সঙ্গে ৩৮টি আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান রুট চালু রয়েছে। চলতি বছরের ২৪ অক্টোবর পর্যন্ত সানইয়া ফিনিক্স আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক যাত্রী চলাচল ১০ লাখ অতিক্রম করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩০.৩ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।
সানইয়া পর্যটন উন্নয়ন ব্যুরোর আয়োজনে অনুষ্ঠিত এই সফর বিদেশি গণমাধ্যমকে চীনের সংস্কৃতি, স্থানীয় জীবনযাত্রা এবং আধুনিক উন্নয়ন সম্পর্কে সরাসরি জানার সুযোগ করে দিয়েছে। আয়োজকদের প্রত্যাশা, সফরের অভিজ্ঞতা ও প্রতিবেদন আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশের মাধ্যমে সানইয়ার পর্যটন সম্ভাবনা, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং আন্তর্জাতিক যোগাযোগের প্রসার ঘটাবে।
নির্বাহী সম্পাদক: মাহমুদুর রশিদ । নিউজ এডিটর: ফিরোজ কাদির শাওন
যোগাযোগ : 09697716045