প্রিন্ট এর তারিখ : ১০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
টিকটক দ্বিতীয় প্রান্তিকে সরালো ১৪.৭৯১ লাখ ভিডিও—বাংলাদেশে ০.৯% হারে গাইডলাইন লঙ্ঘন
নিজস্ব প্রতিবেদক ||
টিকটক তার কমিউনিটি গাইডলাইনসের প্রয়োগে তীব্র গতি বাড়িয়ে ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে মাত্র তিন মাসে বাংলাদেশে ১ কোটি ৪৭ লাখ ৯১ হাজার ৪৮৫টি ভিডিও এবং বিশ্বজুড়ে ১৮ কোটি ৮২ লাখ ৯৮ হাজার ১৪১টি ভিডিও সরিয়ে ফেলেছে।
প্ল্যাটফর্মের প্রকাশিত কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্টে দেখা যায়, এই সময়ে বাংলাদেশে আপলোড করা মোট ভিডিওর প্রায় ০.৯ শতাংশ সরানো হয়েছে। এর মধ্যে ৯৯.৮ শতাংশ ভিডিও ব্যবহারকারীর অভিযোগের আগেই টিকটকের স্বয়ংক্রিয় প্রযুক্তি দ্বারা শনাক্ত হয়ে সরানো হয়েছে এবং ৯২.৭ শতাংশই ২৪ ঘণ্টার মধ্যে মুছে ফেলা হয়েছে। পরবর্তী যাচাইয়ের পরে ২ লাখ ৫ হাজার ১টি ভিডিও পুনরায় প্ল্যাটফর্মে ফিরিয়ে দেওয়া হয়েছে।
বিশ্বব্যাপী একই সময়ে টিকটক মোট ১৮ কোটি ৮২ লাখ ৯৮ হাজার ১৪১টি ভিডিও সরিয়ে ফেলেছে, যা আপলোড করা মোট ভিডিওর প্রায় ০.৫ শতাংশের সমান। এদের মধ্যে ১৮ কোটি ৩৩ লাখ ৪৪ হাজার ৭০৭টি স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হয়ে মুছে ফেলা হয়েছে। বিশ্বজুড়ে সরানো ভিডিওর ৯৯.৫ শতাংশ ব্যবহারকারীর অভিযোগের আগেই সনাক্ত করা হয়েছে এবং ৯২.৭ শতাংশই আপলোডের ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হয়েছে। যাচাইয়ের পর ৬২ লাখ ৬২ হাজার ৩৮৩টি ভিডিও পুনরায় সক্রিয় করা হয়েছে।
ভিডিও মডারেশনের পাশাপাশি টিকটক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত মডারেশন ব্যবস্থা ব্যবহার করে পুরোনো ও আপত্তিকর কনটেন্ট শনাক্ত করে অপসারণ করে। মন্তব্য নিয়ন্ত্রণে দ্বিতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী ২৭ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ৪৬৩টি কমেন্ট সরানো হয়েছে, যা প্রথম প্রান্তিকের ২৩ কোটি ৭৫ লাখ ১৭ হাজার ১২৮টির তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।
অ্যাকাউন্ট পরিষ্কারের দিকেও টিকটক সক্রিয়। রিপোর্টে বলা হয়েছে, এই সময়ে ১৪ কোটি ৬৮ লাখ ৭ হাজার ৪০০টি ভুয়া অ্যাকাউন্ট এবং ২ কোটি ৬৮ লাখ ৪০ হাজার ৭৬৭টি ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারী সন্দেহে সরানো হয়েছে।
সরানো ভিডিওগুলোর বিশ্লেষণে দেখা যায়, ১৯.৫ শতাংশে সংবেদনশীল বা প্রাপ্তবয়স্কদের উপযোগী বিষয়বস্তু ছিল, ১৩.৭ শতাংশ নিরাপত্তা নীতি লঙ্ঘনের কারণে, ১৩.৫ শতাংশ বিপজ্জনক কর্মকাণ্ডের জন্য, এবং ১৩.৮ শতাংশ শালীনতা লঙ্ঘনের জন্য সরানো হয়েছে। এআই দিয়ে তৈরি বা সম্পাদিত কনটেন্টের কারণে সরানো ভিডিওের হার ছিল ১.৮ শতাংশ।
এই তথ্যগুলো টিকটকের মডারেশন প্রক্রিয়ার স্বচ্ছতা ও কার্যকারিতা তুলে ধরেছে, তবে একই সঙ্গে প্ল্যাটফর্মের ব্যবহারকারী ও নিয়ন্ত্রক সংস্থার জন্য আরও শক্তিশালী নিরাপত্তা নীতি প্রয়োগের প্রয়োজনীয়তা নির্দেশ করে।
নির্বাহী সম্পাদক: মাহমুদুর রশিদ । নিউজ এডিটর: ফিরোজ কাদির শাওন
যোগাযোগ : 09697716045